ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ শহরে শনিবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এ সময় ইউক্রেনের শীর্ষস্থানীয় খাদ্যশস্য ব্যবসায়ী ওলেক্সি ভাদাটুরস্কির বাড়িতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ৭৪ বছরের এই ব্যবসায়ী এবং তার স্ত্রী রাইসা নিহত হন। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
নিহত ওলেক্সি ভাদাটুরস্কি ছিলেন নিবুলন নামের একটি কোম্পানির মালিক। এটি ইউক্রেন থেকে খাদ্যশস্য রফতানি করতো।
মাইকোলাইভ শহরে রুশ বাহিনী ব্যাপক রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে জানা গেছে। শহরের মেয়র ওলেকসান্দার সেনকেয়েভিচ বলেছেন, পাঁচ মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর শহরটিতে সম্ভবত এটিই রুশ বাহিনীর সবচেয়ে বড় ধরনের হামলা।
শনিবার রাতে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরিত্যক্ত একটি স্কুলের আঙ্গিনায় আঘাত হানে। এরপর পার্শ্ববর্তী আবাসিক এলাকার একটি ভবনে আগুন ধরে যায়। তবে দমকল কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। এছাড়া হামলায় একটি হোটেল, একটি স্পোর্টস কমপ্লেক্স, দুইটি সার্ভিস স্টেশন এবং বাড়িঘরেরও ক্ষয়ক্ষতি হয়েছে।
শহরের মেয়র আলেক্সান্ডার সেনকেয়েভিচ জানান, উদ্ধারকর্মীরা এখন সেখানে কাজ করছে।
মাইকোলাইভের অবস্থান ইউক্রেনের প্রধান সমুদ্রবন্দর ওডেসায় যাওয়ার পথে। ফলে কৌশলগতভাবে এই শহরটিকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। রাশিয়া এর আগেও এখানে দফায় দফায় হামলা চালিয়েছিল।









