রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউক্রেনের মিত্র দেশগুলো। বুধবার ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে এক বৈঠকে অতি দ্রুত এই অস্ত্র সরবরাহের তাগিদ দেওয়া হয়েছে। মিত্ররা বলছে, রুশ ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের মিত্রদের আরও ঐক্যবদ্ধ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
ন্যাটো সদস্য ও ইউক্রেনের মিত্র মিলিয়ে মোট ৫০টির বেশির দেশ ব্রাসেলসের বৈঠকে অংশ গ্রহণ করে। এতে ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের পাশে বসেছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, পুতিনের যুদ্ধের নৃশংসতা পুরো বিশ্ব আবারও প্রত্যক্ষ করেছে। কিন্তু রাশিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা শুধু যে ইউক্রেনের জনগণের মনোবল দৃঢ় করেছে তা নয়, এতে পৃথিবীর মঙ্গলকামী সব অঞ্চলের ঐক্যকে আরও জোরদার করেছে।
ন্যাটোর প্রধান জেন্স স্টোলটেনবার্গ রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলাকে দুর্বলতার প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, রণক্ষেত্রে রাশিয়া অগ্রগতি অর্জন করতে পারছিল না। প্রকৃত অর্থে যুদ্ধক্ষেত্রে হেরে যাচ্ছে রাশিয়া।
তিনি আরও বলেন, ইউক্রেন এগিয়ে যাচ্ছে ও গুরুত্বপূর্ণ সাফল্য পাচ্ছে। বিপরীতে রাশিয়া বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নৃশংস ও অসম হামলা ক্রমাগত বাড়াচ্ছে।
জার্মানি ঘোষণা দিয়েছে, তাদের সরবরাহ করা চারটি আইআরআইএস-টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে পৌঁছেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় এটি ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ সহযোগিতা।
ন্যাটোর পক্ষ থেকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে বাল্টিক ও উত্তর সাগরে ন্যাটোর সেনা উপস্থিতি দ্বিগুণ করা হয়েছে।









