রাশিয়ার সেনাবাহিনী নতুন করে কামান হামলার তীব্রতা বৃদ্ধি করার ফলে বাখমুতের রণাঙ্গনে কিছু এলাকায় পিছু হটেছে ইউক্রেন। শুক্রবার নিয়মিত গোয়েন্দা আপডেটে এই তথ্য তুলে ধরেছে ব্রিটেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্রিটেনের সামরিক গোয়েন্দা সংস্থার দৈনিক আপডেটে বলা হয়েছে, ডনেস্ক অঞ্চলে বাখমুত শহরে পুনরায় আক্রমণের তীব্রতা বৃদ্ধি করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের মধ্যে সহযোগিতার অগ্রগতি হওয়ার পর নতুন হামলা চালাচ্ছে তারা।
এতে আরও বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী রসদ ও সামরিক সরঞ্জাম পেতে সমস্যায় পড়েছে। কিন্তু যেসব এলাকা ছাড়তে তারা বাধ্য হয়েছে সেখানে সুশৃঙ্খলভাবে পিছু হটেছে।
বাখমুত দখলের রুশ আক্রমণের নেতৃত্বে রয়েছে ওয়াগনার গ্রুপ। টানা কয়েক মাস ধরে চলমান এই লড়াই রাশিয়া ও ইউক্রেন উভয়ের জন্য যুদ্ধের সবচেয়ে রক্তাক্ত সংঘর্ষে পরিণত হয়েছে। এর আগে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন দাবি করেছিলেন, রুশ সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে তার যোদ্ধারা প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছে না।
- দেশ পরিচিতি: রাশিয়া
ব্রিটেনের গোয়েন্দা তথ্যে আরও বলা হয়েছে, ইউক্রেন এখনও বাখমুতের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। কিন্তু গত ৪৮ ঘণ্টা ধরে তারা রুশ কামানের গোলাবর্ষণের শিকার হচ্ছে। ওয়াগনার গ্রুপের ইউনিটগুলো বাখমুতের কেন্দ্রের দিকে অগ্রসর হতে মনোনিবেশ করেছে। একই সময়ে রুশ প্যারাট্রুপাররা শহরের আশেপাশে তাদের সহযোগিতা করছে।
যুদ্ধ শুরুর আগে বাখমুতে প্রায় ৭০ হাজার মানুষের বসবাস ছিল। পুরো শীতকালজুড়ে রাশিয়ার আক্রমণের প্রধান ছিল এই শহর দখল করা। কিন্তু এখনও তা পুরোপুরি দখল করতে পারেনি মস্কো। শহরটি দখল করতে পারলে গত আট মাসের মধ্যে রাশিয়ার প্রথম উল্লেখযোগ্য বিজয়। মস্কো বলে আসছে, এটি ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চলে আরও বেশি এলাকা দখলের একটি পথ খুলে দেবে। ডনবাস অঞ্চল দখল করা যুদ্ধে মস্কোর প্রধান লক্ষ্য।
শীতকালজুড়ে প্রতিরক্ষামূলক অবস্থান ধরে রাখা ইউক্রেন পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ফেব্রুয়ারির মাসের দিকে মনে করা হচ্ছিল বাখমুত থেকে ইউক্রেনের পিছু হটা অনিবার্য। কিন্তু দেশটি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের দাবি, পাল্টা আক্রমণের আগে রাশিয়ার সেনাবাহিনী যতবেশি সম্ভব ক্ষতিসাধন করা। যাতে করে পাল্টা আক্রমণের সময় রুশ বাহিনী দুর্বল থাকে।
- দেশ পরিচিতি: ইউক্রেন
বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, রাশিয়ার পদাতিক সেনাদের সহযোগিতা করছে বিমানবাহিনীর সদস্যরা। শহরটিতে ইউক্রেনীয় রিজার্ভবাহিনীর প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। শত্রু সেনারা হয়ত পিছু হটতে পারে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছিল, ওয়াগনার গোষ্ঠীর আক্রমণকারী ইউনিট তীব্র লড়াই করছে বাখমুতের কেন্দ্র থেকে শত্রুদের সরিয়ে দিতে।
তবে এক বিবৃতিতে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন বলেছিলেন, ইউক্রেনের সশস্ত্রবাহিনী রিজার্ভবাহিনীর সেনাদের নিয়ে আসছে। রক্তক্ষয়ী লড়াই হচ্ছে। ফলে বাখমুতকে ঘিরে ফেলা সম্পূর্ণ হয়েছে বলার সময় আসেনি।








