ডনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার দখলকৃত খেরসন শহরে পূর্ব তীরে নিয়মিত হানা দিচ্ছে। মঙ্গলবার ইউক্রেনের সেনাবাহিনীর এক কর্মকর্তা এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ধারণা করা হচ্ছে, তারা রুশ সেনাদের আরও নদীর তীর থেকে আরও দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
গত বছর ফেব্রুয়ারিতে আক্রমণের পর কয়েক মাস ডনিপ্রো নদীর পশ্চিম ও পূর্ব পাশ দখলে ছিল রুশ সেনাবাহিনী। কিন্তু গত বছর নভেম্বরের দিকে নদীর পশ্চিম তীর থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে পূর্ব তীরে নিয়ে যায়। পশ্চিম তীর পুনরুদ্ধার করে ইউক্রেনীয় সেনাবাহিনী।
এমন সময় রুশ অবস্থানে ইউক্রেনের সেনাবাহিনীর হানা দেওয়ার খবর সামনে এলো যখন পশ্চিমা ও ইউক্রেনীয় কর্মকর্তারা একটি সম্ভাব্য পাল্টা আক্রমণের বিষয়ে কথা বলে আসছেন।
খেরসন আঞ্চলিক প্রশাসনের উপ-প্রধান ইউরি সোবোলেভস্কি বলেছেন, অভিযানগুলোর লক্ষ্য হলো রাশিয়ার সেনাদের যুদ্ধ করার সক্ষমতা কমিয়ে দেওয়া। পশ্চিম তীর ছেড়ে যাওয়ার পর থেকে রুশ সেনারা গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।
ইউক্রেনীয় টেলিভিশনকে সোবোলেভস্কি বলেছেন, আমাদের সামরিক বাহিনী প্রায়ই পূর্ব তীরে গিয়ে অভিযান পরিচালনা করছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী খুব কার্যকরভাবে এসব অভিযান পরিচালনা করছে।
তিনি আরও বলেছেন, ফলাফল আসবে। আগে খেরসন অঞ্চলের পশ্চিম তীরে একটি জটিল এবং দীর্ঘ অভিযান পরিচালনা করেছিল আমাদের সেনাবাহিনী। ওই অভিযানে সেনাবাহিনী ন্যূনতম ক্ষয়ক্ষতি ছাড়াই রুশ সেনাদের তাড়িয়ে দিয়েছিল। এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে পূর্ব তীরে।
১৪ মাস আগে ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরু পর রাশিয়া খেরসন অঞ্চলটি দখল করে নেয় এবং তারপর থেকে ডিনিপ্রোর পূর্ব তীরের অঞ্চলগুলো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।
সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন সম্ভবত শিগগিরই রুশবিরোধী একটি পাল্টা আক্রমণ শুরু করতে পারে। তাদের মূল লক্ষ্যগুলোর একটি হতে পারে রাশিয়া এবং রাশিয়া-অধিভুক্ত ক্রিমিয়া অঞ্চলের দক্ষিণের স্থল করিডোর ভেঙ্গে দেওয়া। এই লক্ষ্য অর্জনের জন্য পুরো খেরসন অঞ্চল পুনরুদ্ধার করা হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার গত সপ্তাহে বলেছে, রাশিয়ার সামরিক ব্লগাররা পর্যাপ্ত ভূ-স্থানীয় ফুটেজ পোস্ট করেছে, যা ডিনিপ্রোর পূর্ব তীরে ইউক্রেনীয় সেনাদের অবস্থানের কথা নিশ্চিত করার জন্য যথেষ্ট।
সোবোলেভস্কি বিস্তারিত কিছু জানাননি। শুধু বলেছেন, একটি সামরিক অভিযানের জন্য তথ্যগত নীরবতা প্রয়োজন।








