ইউক্রেনের জন্য প্রায় ৩০০ কোটি ডলারের একটি প্যাকেজ ঘোষণা করেছে জার্মানি। রাশিয়ার যুদ্ধ শুরুর পর এটিই সবচেয়ে বড় জার্মানির সামরিক সহায়তার প্যাকেজ হতে যাচ্ছে।
জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে ঘোষণা করেছে, এই প্যাকেজে ২০টি সাঁজোয়া যান, ৩০টি লেপার্ড ট্যাংক, ৪টি আইআরআইএস-টি-এসএলএম ফায়ারিং ইউনিট, দুইশ’র বেশি ড্রোন ও গোলাবারুদ থাকছে।
প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বিবৃতিতে বলেন, জরুরিভাবে প্রয়োজনীয় মূল্যবান সামরিক সহায়তার মাধ্যমে আমরা আবারও দেখাচ্ছি যে জার্মানি পাশেই আছে।
তিনি আরও বলেন, 'আমরা সবাই ইউক্রেনের জনগণের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধের দ্রুত অবসান চাই। এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের পরিপন্থি। দুর্ভাগ্যবশত যুদ্ধের সমাপ্তির লক্ষণ এখনও দৃশ্যমান নয়। তাই জার্মানি সব ধরনের সাহায্য দেবে - যতক্ষণ পর্যন্ত লাগে।'
ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক শনিবার টেলিগ্রামে জার্মানির সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন। মিত্র বার্লিনের পক্ষ থেকে সহায়তার ঘোষণায় আসায় ধন্যবাদ জানান তিনি।
জার্মান সরকারের ঘোষণার আগে গত মঙ্গলবার ইউক্রেনকে ১২০ কোটি ডলারের সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। জেলেনস্কির সামরিক বাহিনীকে শক্তিশালী করতেই ধারবাহিক সহায়তা দিয়ে আসছে বাইডেন প্রশাসন।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের মাটিতে যুদ্ধ করছে রুশ বাহিনী। এই যুদ্ধের বিরুদ্ধ বিশ্বের বেশির ভাগ দেশ। রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ব্যাপক সামরিক সহায়তা দিয়ে আসছে। সূত্র: সিএনএন









