ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ওডেসা ও রাজধানী কিয়েভে মঙ্গলবার ভোরে ২৮টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী এই দাবি করেছে। লিথুয়ানিয়ায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের আগে এই হামলা চালালো রাশিয়া। এই সম্মেলনে কীভাবে রাশিয়ার নিরাপত্তা হুমকি মোকাবিলা করা হবে তা নিয়ে আলোচনা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার উড্ডয়ন করা ২৬টি ইরানি শাহেদ ড্রোন ভূপাতিত করেছে।
স্থানীয় গভর্নর ওলেহ কিপার বলেছেন, ওডেসায় ২২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং দুটি ড্রোন প্রশাসনিক ভবনে আঘাত করেছে। ওডেসা বন্দরের কাছে একটি শস্য গুদাম এবং একটি টার্মিনালে আগুন ধরে গেছে। দ্রুত তা নিভিয়ে ফেলা হয়। এতে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, কিয়েভে হামলা চালানো সব রুশ ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনগুলোর ধ্বংসাবশেষ একাধিক বাড়িতে পড়েছে।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেছেন, চলতি মাসে আকাশপথে কিয়েভে দ্বিতীয় হামলা চালালো শত্রুরা।
মঙ্গলবার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটোর শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। এতে ইউক্রেনে রুশ আক্রমণ আলোচনায় প্রাধান্য পাবে। শীতল যুদ্ধের পর মস্কোর যেকোনও আক্রমণ ঠেকানোর জন্য প্রথম বিস্তৃত পরিকল্পনা অনুমোদন দিতে পারেন ন্যাটো নেতারা।









