কৃষ্ণসাগরীয় বন্দর নভোরোসিয়েস্কের কাছে রাশিয়ার একটি নৌঘাঁটিতে সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। বন্দরটি রাশিয়ার গুরুত্বপূর্ণ রফতানিকেন্দ্র। শুক্রবার ভোরে এই হামলা চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার যুদ্ধজাহাজ ড্রোনগুলো ধ্বংস করে দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বন্দরটিতে তেলের টার্মিনাল পরিচালনাকারী কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম বলেছে, হামলার পর নভোরোসিয়েস্কে বন্দরে সাময়িকভাবে সব জাহাজের চলাচল বন্ধ রাখা হয়। তাদের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। ট্যাংকারে তেল তোলা অব্যাহত রয়েছে।
রাশিয়ার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা শুক্রবার নভোরোসিয়েস্কের কাছে বিস্ফোরণ ও গুলির শব্দ শুনেছেন বলে উল্লেখ করেছেন। যদি সঠিক হয় তাহলে এটি হবে রাশিয়ার প্রধান একটি বাণিজ্যিক বন্দরে প্রথম ইউক্রেনীয় হামলা। বন্দরটি কৃষ্ণসাগরের অন্যতম বৃহত্তম।
বন্দরটির জরুরি সেবা বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে এবং গোয়েন্দা সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে।
গত মাসে ইউক্রেনীয় বন্দর থেকে নিরাপদে শস্য রফতানির চুক্তি থেকে রাশিয়া বেরিয়ে গেলে কৃষ্ণ সাগর ও এর আশেপাশের বন্দরগুলোতে সংঘাত ছড়িয়ে পড়েছে। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র বেশ কয়েকটি ইউক্রেনীয় বন্দরে আঘাত হেনেছে। রাশিয়াও দাবি করেছে, ইউক্রেনের সামুদ্রিক ড্রোন তাদের যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে।
রুশ মন্ত্রণালয় আরও জানিয়েছে, শুক্রবার সকালে ক্রিমিয়ার আকাশে দশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।








