ইউক্রেনের সামরিক স্থাপনা, আকাশ প্রতিরক্ষা এবং বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, অতি-নির্ভুল অস্ত্র দিয়ে এসব স্থাপনায় হামলা চলছে। তবে ইউক্রেনের কোনও শহরে হামলা চালানো হচ্ছে না বলেও জানায় রুশ মন্ত্রণালয়।
অন্যদিকে, কিয়েভ জানিয়েছে মস্কো ইউক্রেনে পূর্ণ-মাত্রার আগ্রাসন শুরু করেছে। তাদের দাবি বেশ কয়েকটি শহরের সামরিক কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী সোস্যাল মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলে তাদের ইউনিটগুলোতে নিবিড় গোলাবর্ষণ শুরু করেছে রুশ বাহিনী।
এছাড়া রাশিয়া কিয়েভের কাছে বোরিস্পিল বিমানবন্দরসহ আরও কয়েকটি শহরের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। ইউক্রেনের বিমান বাহিনী রুশ হামলা প্রতিহতের চেষ্টা করে যাচ্ছে বলে জানানো হয় ওই বিবৃতিতে।
ওই বিবৃতিতে, দক্ষিণাঞ্চলীয় ওদেসা শহরে রুশ প্যারাট্রুপার নামার খবর অস্বীকার করা হয়েছে।
সূত্র: রয়টার্স, বিবিসি









