ইউক্রেনে চলমান যুদ্ধে কৃষ্ণ সাগরে মোতায়েন করা সাবমেরিন থেকে ইউক্রেনের সামরিক সামরিক স্থাপনায় হামলার কথা ঘোষণা করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় একটি ডিজেল সাবমেরিন থেকে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই প্রথমবার ইউক্রেনে হামলায় সাবমেরিন বহরকে কাজে লাগানোর ঘোষণা দিলো মস্কো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। যাতে দেখা গেছে সাগর থেকে ক্যালিবার ক্ষেপণাস্ত্র উঠে আসছে এবং দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। রুশ মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে এগুলো আঘাত করেছে।
এর আগে মার্চের তৃতীয় সপ্তাহে ইউক্রেনে প্রথমবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করে রাশিয়া। ইউক্রেনের পশ্চিমাঞ্চলের অস্ত্র গুদামে শক্তিশালী হামলার কথা জানিয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। কিয়েভকে নিরস্ত্রীকরণ ও ফ্যাসিস্টদের হাত থেকে মুক্ত করতে এটিকে ‘বিশেষ অভিযান’ বলে দাবি করছে রাশিয়া। ইউক্রেন ও পশ্চিমারা বলছে, পুতিনের আগ্রাসী যুদ্ধের জন্য এই অভিযোগ মিথ্যা অজুহাত মাত্র।








