মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনের কাছে জৈব এবং রাসায়নিক অস্ত্র রয়েছে বলে মিথ্যা অভিযোগ তুলছে রাশিয়া। তিনি বলেন, এটাই ‘পরিষ্কার ইঙ্গিত’ যে মরিয়া ভ্লাদিমির পুতিন নিজেই সেগুলো ব্যবহারের কথা বিবেচনা করছেন। ইউক্রেনে পুতিনের দেয়ালে পিঠ ঠেকে গেছে বলেও মন্তব্য করেন বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘পুতিনের দেয়ালে পিঠ ঠেকেছে আর এখন তিনি নতুন মিথ্যা অভিযোগ তুলছেন। বলছেন যে আমেরিকার জৈব এবং রাসায়নিক অস্ত্র ইউরোপে রয়েছে, যা সত্যি নয়। আমি নিশ্চয়তা দিচ্ছি।’
বাইডেন আরও বলেন, তারা আরও বলতে চাইছে ইউক্রেন নিজ দেশে জৈব এবং রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। এটাই পরিষ্কার ইঙ্গিত যে তিনি নিজেই এগুলো ব্যবহারের কথা বিবেচনা করছেন। অতীতে তিনি রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন এবং সামনে কী হতে যাচ্ছে তা নিয়ে আমাদের সতর্ক থাকা উচিত।
বাইডেন বলেন, ‘পুতিন জানেন সম্মিলিত ন্যাটো জোটের কারণে মারাত্মক পরিণতি হবে।’ তবে পশ্চিমা সামরিক জোটটি সুনির্দিষ্ট কোন পদক্ষেপ নিতে পারে তা স্পষ্ট করেননি তিনি।
এর আগে ওয়াশিংটনে সিনিয়র কর্মকর্তারাও একই ধরনের মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর তরফ থেকেও একই অভিযোগ তোলা হয়েছে।
সূত্র: গার্ডিয়ান








