মস্কো সমর্থিত পূর্ব ইউক্রেনের এক বিদ্রোহী নেতা তাদের নিয়ন্ত্রিত এলাকায় থাকা বেসামরিক নাগরিকদের দক্ষিণপূর্ব রাশিয়ায় সরে যেতে বলেছেন। ওই এলাকায় বোমা বর্ষণের ঘটনা বাড়ায় শুক্রবার এই ঘোষণা দিয়েছেন তিনি।
স্বঘোষিত ডনেটস্ক পিউপিল’স রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ঘোষণায় বলেছেন, পূর্ব ইউক্রেন ছেড়ে যাওয়া মানুষদের আশ্রয়ের ব্যবস্থা করতে সম্মত হয়েছে রাশিয়া। নারী, শিশু এবং বয়স্করা এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে জানান তিনি।
এই ঘোষণার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিয়েভ বা মস্কো কোনও প্রতিক্রিয়া জানায়নি। এছাড়া ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন অঞ্চলটির রাজধানী ডনেটস্ক শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার কোনও লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না।
ওয়াশিংটন এবং তাদের মিত্ররা আশঙ্কা প্রকাশ করেছে ওই এলাকায় সহিংসতা বৃদ্ধিকে ইউক্রেনে আগ্রাসন চালানোর অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে রাশিয়া। উত্তর, পূর্ব এবং দক্ষিণ ইউক্রেন সীমান্তে রুশ সেনাসমাবেশ ঘিরে মস্কো ও পশ্চিমাদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।
ইউক্রেনে আগ্রাসন চালানোর পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে রাশিয়া। ডনবাস নামে পরিচিত পূর্ব ইউক্রেনের অঞ্চলটিতে বোমা বর্ষণ বাড়ায় শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছে মস্কো।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স স্বঘোষিত ডনেটস্ক পিউপিল’স রিপাবলিকের পার্লামেন্টের এক সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, অঞ্চলটি থেকে কয়েক হাজার মানুষ রাশিয়ার রোস্তভ অঞ্চলে সরে যাওয়ার পরিকল্পনা করছে।
সূত্র: রয়টার্স







