গত কয়েক দিন ধরেই খবর পাওয়া যাচ্ছে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে ৪০ মাইল দীর্ঘ একটি রুশ সামরিক বহর। শত শত সামরিক যানের এই বহরটি এখন কোথায় অবস্থান করছে তা নিয়ে পরে আর কোনও খবরই পাওয়া যাচ্ছিলো না। তবে এবার সেই বহরটির খবর জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি জানান, রুশ সামরিক বহরটি যাত্রাপথে স্থবির পড়ে রয়েছে। বুধবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিগত ২৪ থেকে ৩৬ ঘণ্টায় বহরটি বোধগম্য কোনও অগ্রগতি অর্জন করতে পারেনি।
মার্কিন মুখপাত্র দাবি করেন, এই বিলম্বের কারণ হতে পারে নিজেদের সেনা পুনর্বিন্যাস করা এবং কিভাবে ক্ষতি কাটিয়ে উঠতে হবে তা নিয়ে নতুন করে পরিকল্পনা করা। তিনি বলেন, সরঞ্জামগত চ্যালেঞ্জের পাশাপাশি ইউক্রেনীয়দের প্রতিরোধও বড় একটা কারণ হতে পারে।
অসমর্থিত সূত্রের খবরে ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিয়েভ অভিমুখে আগাতে থাকা রুশ সেনারা জ্বালানি এবং খাবার সংকটে পড়েছে। রাশিয়ার নিয়ন্ত্রণে যাওয়া ইউক্রেনীয় শহরগুলোর কর্মকর্তারা দাবি করেছেন রুশ সেনারা সুপারমার্কেট তছনছ করে দিচ্ছে। আর সেনাবাহিনী থেকে তাদের যেসব খাবার দেওয়া হয়েছিল তা ফুরিয়ে গেছে।
সূত্র: বিবিসি









