ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা (এসইএস) জানিয়েছে,দেশটির উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভের প্রান্তে একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে এই শহরে রুশ বাহিনীর আক্রমণের তীব্রতা বাড়ছে। শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।
এসইএস জানায়, বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। এতে কোনও হতাহতের কথা জানা যায়নি। বিমান বিধ্বস্তের পর চারটি বেসরকারি বাড়িতে আগুন ধরে যায়।
সংস্থাটি আরও জানায়, তিনটি ৫০০ কেজি বোমা পাওয়ার পর সেখান থেকে স্থানীয়দের সরিয়ে নেওয়া হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চেরনিহিভে অন্তত ১৭জন নিহত হয়েছেন রুশ গোলা বর্ষণে। অপর একজন নিহত হয়েছেন অগ্নিকাণ্ডে।
স্বতন্ত্রভাবে সিএনএন হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি।
চেরনিহিভ আঞ্চলিক প্রশাসনের মতে, ৪ মার্চ দিন ও পাঁচ মার্চ রাতে রাশিয়া বোমারু বিমান পরিকল্পিতভাবে চেরনিহিভে বোমা বর্ষণ করেছে। বেশিরভাগ বোমা পড়েছে আবাসিক এলাকায়।








