ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সামি থেকে দুই ধাপে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো বলেছেন, প্রায় পাঁচ হাজার মানুষ এবং এক হাজারের বেশি ব্যক্তিগত গাড়ি ইতোমধ্যে নিরাপদ স্থানে পৌঁছেছে।
বুধবার ভোরে নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ফুটেজে টিমোশেঙ্কো দেখিয়েছেন, রাতের বেলা মানুষ একটি রেলস্টেশনে পৌঁছেছেন। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি। এছাড়া ফুটেজটিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
রুশ সীমান্তের কাছে অবস্থিত সামি শহর। গত কয়েক দিন ধরে শহরটি ব্যাপকভাবে রুশ বোমা হামলার কবলে পড়ে।
স্থানীয় কর্মকর্তারা দাবি করেছেন, রুশ বিমান হামলায় সোমবার একদিনেই সামি শহরে তিন শিশুসহ ২২ জন নিহত হয়।
সূত্র: বিবিসি









