ইউক্রেনে মানবিক ও সামরিক সহায়তায় বড় অংকের একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ১৩.৬ বিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজের বিলটিতে সই করেন তিনি। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
রুশ বাহিনীর গোলার মুখে থাকা ইউক্রেনকে সহায়তায় এর আগে কংগ্রেসে বিলটি পাস হয়। এরপরই যাচাই শেষে পাঠানো হয় বাইডেনের কাছে। ধারণা করা হচ্ছিল বিনা বাধায় বিলটি ছাড় পাবে।
এক হাজার ৩৬০ কোটি মার্কিন ডলারের প্যাকেজটি ইউক্রেনীয়দের খাদ্য, ওষুধ, আশ্রয়, ইউক্রেন ছেড়ে যাওয়া শরণার্থী এবং অস্ত্র স্থানান্তরের জন্যও এখান থেকে অর্থ ব্যয় করা হবে।
ঐতিহাসিক বিলটিতে স্বাক্ষরের পর টুইট বার্তায় নিজেই নিশ্চিত করেন প্রেসিডেন্ট বাইডেন। সেনা পাঠাতে না পারলেও ইউক্রেনে মানবিক ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেনে মানবিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। জাতিসংঘ জানিয়েছে, ইতোমধ্যে ৩০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। টুইটারে তিনি বলেন, যুদ্ধের কারণে প্রায় ৩০ লাখ ইউক্রেনীয় শরণার্থী হয়েছে। ইউক্রেনের ১২ লাখ লোকের জন্য মানবিক সহায়তার প্রয়োজন। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের অনেক দেশ সাহায্যে এগিয়ে এসেছে।









