রুশ হামলায় ইউক্রেনের উত্তরাঞ্চলীয় কৌশলগত শহর চেরনিহিভে বুধবার ৫৩ বেসামরিক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আঞ্চলিক গভর্নর ভিয়েচেসলাভ চাউস। টেলিগ্রামে তিনি বলেন, ‘অঞ্চলের কেন্দ্রে শত্রুরা প্রতিনিয়ত আর্টিলারি এবং বিমান হামলা চালাচ্ছে। তারা বেসামরিক স্থাপনা ধ্বংস করে দিচ্ছে’।
রুশ বর্বরতার প্রসঙ্গে আরও বলেন, 'আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি। একদিনে আমাদের ৫৩ নাগরিকের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অব্যাহত রুশ হামলা ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সংযোগ, গ্যাস সঞ্চালন লাইন, পানির সংযোগ স্বাভাবিক অবস্থায় ফেরাতে কাজ করে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ'।
শহরে আটকে পড়া বাসিন্দাদের সরিয়ে নিতে নতুন করে একটি মানবিক করিডোর স্থাপনে রুশ বাহিনীর সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন গভর্নর ভিয়েচেসলাভ চাউস।
বেলারুশ এবং রাশিয়ার সীমান্তের খুব কাছে হওয়ার চেরনিহিভে ঘিরে ফেলে রুশ বাহিনী। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সেখানকার সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক ভবনগুলো টার্গেট করে বিমান হামলা চালাচ্ছে রাশিয়ান যোদ্ধারা।







