ইউক্রেনের সামরিক স্থাপনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইগর কোনাশেনকভ বলেন, বিদেশি ভাড়াটে এবং ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
মস্কোর এমন দাবির ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে অবরুদ্ধ মারিউপোল শহরে ইউক্রেনীয় বাহিনীকে রাশিয়া যে আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছে, তা প্রত্যাখান করেছে কিয়েভ। ওই এলাকার মানবিক পরিস্থিতি বিবেচনায় আত্মসমর্পণসহ বেশ কয়েকটি শর্তজুড়ে দেওয়া হয় ইউক্রেন সরকারকে। কিন্তু রাশিয়ার সব শর্ত পুরোপুরি নাকচ করে দিয়েছে জেলেনস্কি প্রশাসন।
এর আগে এক বিবৃতিতে রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনা কেন্দ্রের পরিচালক কর্নেল-জেনারেল মিখাইল মিজিনেস্তভ ইউক্রেনীয় বাহিনীর উদ্দেশে বলেন, ‘অস্ত্র সমর্পণ করুন। যারা অস্ত্র সমর্পণ করবে তাদের সবাইকে নিরাপদে মারিউপোল ছেড়ে যাওয়ার নিশ্চয়তা দেওয়া হবে।’








