কিয়েভের দিকে রুশ বাহিনীর অগ্রযাত্রা থমকে গেছে। রুশ সেনারা ইউক্রেনের অন্যত্র যুদ্ধের দিকে মনোনিবেশ করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সংবাদমাধ্যম এপি-র সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে নিজের নাম প্রকাশে রাজি হননি তিনি।
ওই কর্মকর্তা বলেন, আপাতত কিয়েভ দখলের লক্ষ্যে স্থল হামলার বদলে ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার ওপর জোর দিচ্ছে রাশিয়া।
প্রায় একই রকমের মন্তব্য করেছেন রাশিয়ার সেনাপ্রধান। শুক্রবার তিনি বলেছেন, ইউক্রেনের ডনবাস অঞ্চলকে ‘পূর্ণাঙ্গভাবে মুক্ত’ করার ব্যাপারে অধিক মনোযোগ দেবে রুশ বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানে’ দুইটি দিক বিবেচনা করা হচ্ছে- প্রথমটি পুরো ইউক্রেন এবং দ্বিতীয়টি হলো ডনবাস অঞ্চলে মনোযোগ দেওয়া।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থায় প্রকাশিত এমন খবরে ইউক্রেনে যুদ্ধের লক্ষ্য থেকে মস্কোর পিছু হটার ইঙ্গিত মিলছে। তাছাড়া রণাঙ্গনের লড়াইয়ে ইউক্রেনের উত্তরাঞ্চল ও রাজধানী কিয়েভের আশেপাশে রুশ বাহিনীকে তীব্র প্রতিরোধের মুখে পড়তে হয়েছে।
রুশ সেনাবাহিনীর অপারেশন বিভাগের জেনারেল স্টাফ সের্গেই রুডস্কয় অবশ্য দাবি করেছেন, ইউক্রেনের বিমান ও নৌবাহিনীর বেশিরভাগ সক্ষমতা রুশ সেনারা ধ্বংস করেছে। যা সংঘাতের প্রথম ধাপের সফল ইতি ঘটিয়েছে।









