রাশিয়ার জ্বালানি ব্যবহার অব্যাহত রাখা ছাড়া ইউরোপের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর ইউরোপীয় মহাদেশ তার তেল ও গ্যাসের বিকল্প উপায় খুঁজলে ‘চরম বেদনাদায়ক’ অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন তিনি।
বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় পুতিন আরও বলেন, ইউরোপের জন্য একটি যুক্তিসঙ্গত প্রতিস্থাপনের অস্তিত্ব নেই। বৈশ্বিক বাজারে অতিরিক্ত জ্বালানির যোগান নেই। যুক্তরাষ্ট্র বা ইউরোপ অন্যান্য দেশ থেকে সরবরাহ করলে ভোক্তাদের অনেক বেশি খরচ গুণতে হবে।
এর আগে পুতিন বলেন, বন্ধু নয় এমন কোনও দেশ রাশিয়ার জ্বালানি কিনলে দাম পরিশোধ করতে হবে রুশ মুদ্রা রুবলে। পুতিন স্পষ্ট বার্তায় জানিয়ে দেন, ‘জ্বালানি চাইলে আমাদের মুদ্রায় কিনুন’। বিদ্যুৎ উৎপাদনে রুশ জ্বালানির ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে ইউরোপের। ফলে রাশিয়ার জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে মতবিরোধ রয়েছে।
ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তবে জ্বালানি খাতে নিষেধাজ্ঞা আরোপে একমতে হতে পারেনি ইউরোপ। রাশিয়ার জ্বালানি খাতে নির্ভরশীল ইউরোপের বেশিরভাগ দেশ।
ইউক্রেনে অভিযান অব্যাহত থাকায় রাশিয়ার ওপর এখনও নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রেখেছে পশ্চিমারা। রাশিয়ার হামলায় ইউক্রেনে হাজারো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ নিয়ে পুতিনকে যুদ্ধাপরাধী অ্যাখা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সূত্র: বিবিসি।








