ইউক্রেনে যুদ্ধরত দুই ব্রিটিশ যোদ্ধা রুশ বাহিনীর হাতে ধরা পড়েছে বলে দাবি করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের খাবার, পানি এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও দাবি করেছে মস্কো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বিষয়টি নিয়ে কথা বলেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেছেন, ‘চিন্তা করবেন না, রাশিয়ান পক্ষ তাদের যত্ন নিচ্ছে। আত্মসমর্পণ করা বা আটককৃত অন্যান্য বিদেশিদের মতো তাদেরও খাবার, পানি এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।’
সোমবার রাশিয়ান টিভিতে দুইটি পৃথক ভিডিওতে শন পিনার এবং এইডেন আসলিন নামের দুই জনকে দেখানো হয়। তাদের বয়স যথাক্রমে ৪৮ ও ২৮ বছর। রাশিয়ান টেলিভিশনের ভিডিওতে তারা ইউক্রেনে বন্দি একজন রুশপন্থী রাজনীতিকের বিনিময়ে তাদের মুক্ত করার অনুরোধ জানান। তবে রাশিয়া বলপূর্বক তাদের দিয়ে এই অনুরোধ করিয়েছে কিনা সেটি পরিষ্কার নয়।
রুশ বাহিনীর হাতে আটককৃত এই দুই ব্রিটিশ নাগরিক রুশ আগ্রাসনের আগে থেকেই ইউক্রেনে বসবাস করে আসছিলেন। তাদের ইউক্রেনীয় সঙ্গীও রয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনীতে তারা নৌসেনা হিসেবে কর্মরত ছিলেন। রাশিয়া বলছে, বন্দরনগরী মারিউপোল থেকে তাদের বন্দি করা হয়েছে।









