ইউক্রেনের জন্য ৩৭৫ মিলিয়ন ডলারের নতুন একটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, নতুন এই প্যাকেজে ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম এবং একটি কাউন্টার ব্যাটারি রাডার সিস্টেমও অন্তর্ভুক্ত রয়েছে।
ভিডিও লিংকের মাধ্যমে ইউক্রেনের পার্লামেন্টে দেওয়া ভাষণে দেশটিতে নতুন এই সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দেন বরিস জনসন। তিনি বলেন, ‘আজ আপনাদের জন্য আমার একটি বার্তা রয়েছে। ইউক্রেন জিতবে, ইউক্রেন মুক্ত হবে।’
পুতিনের যুদ্ধযন্ত্রের তথাকথিত অপ্রতিরোধ্য শক্তি ইউক্রেনীয়দের দেশপ্রেমের কাছে ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেন বরিস জনসন।
এদিকে আগামী ৯ মে রাশিয়ার বিজয় দিবসে ইউক্রেনে আনুষ্ঠানিক ‘যুদ্ধ’ ঘোষণা করতে পারেন পুতিন; এমন আশঙ্কার কথা জানিয়েছেন পশ্চিমা কর্মকর্তারা। গত সপ্তাহে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, আমি মনে করি তিনি (পুতিন) তার ‘বিশেষ অভিযান’ থেকে সরে আসার চেষ্টা করবেন।
ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইকে কার্পেন্টার বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে ‘অত্যন্ত বিশ্বাসযোগ্য’ গোয়েন্দা প্রতিবেদনে রয়েছে যে রাশিয়া মে মাসের মাঝামাঝি সময়ে লুহানস্ক ও ডোনেস্ককে নিজেদের সঙ্গে যুক্ত করতে পারে। পাশাপাশি ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর খেরসনকে ‘গণপ্রজাতন্ত্র’ ঘোষণা এবং সংযুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে মস্কো।









