আলোচিত রুশ যুদ্ধজাহাজ মস্কোভা ডুবে যাওয়ার ঘটনায় নিজ দেশের অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জাহাজটি জাহাজটি ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র; সংবাদমাধ্যম এনবিসি নিউজে প্রকাশিত এমন প্রতিবেদন নিয়ে কথা বলেছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি। ওই প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি।
পেন্টাগনের এই মুখপাত্র বলেন, ‘আমরা ইউক্রেনকে মস্কোভার জন্য সুনির্দিষ্ট টার্গেটিং তথ্য সরবরাহ করিনি। জাহাজটিতে হামলার ব্যাপারে ইউক্রেনীয়দের সিদ্ধান্ত বা তারা যে অপারেশন চালিয়েছে তাতে আমরা যুক্ত ছিলাম না।’
তিনি বলেন, জাহাজটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ইউক্রেনের অভিপ্রায় সম্পর্কে যুক্তরাষ্ট্র আগে থেকে কিছু জানতো না।
রাশিয়ান নৌযানগুলোকে চিহ্নিত করা এবং সেগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার জন্য প্রয়োজনীয় গোয়েন্দা সক্ষমতা ইউক্রেনের রয়েছে বলেও দাবি করেন পেন্টাগনের মুখপাত্র।
উল্লেখ্য, মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি নিউজের খবরে বলা হয়েছিল, ইউক্রেনীয় বাহিনী আমেরিকানদের কাছে ওডেসার দক্ষিণে কৃষ্ণ সাগরে একটি জাহাজ যাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করার পরই ওই হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র এটিকে মস্কোভা হিসেবে চিহ্নিত করে সেটির অবস্থান নিশ্চিত করতে সহায়তা করে। এরপরই ইউক্রেনীয়রা জাহাজটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। পতন হয় কৃষ্ণসাগরে রুশ বহরের অহংকার হিসেবে পরিচিত ফ্ল্যাগশিপ জাহাজ মস্কোভার। সূত্র: আল জাজিরা।









