ইউক্রেনের লুহানস্কের গুরুত্বপূর্ণ শহর ‘সেভেরোডোনেস্কের’ উপকণ্ঠে তীব্র লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর। রুশ সেনাদের অগ্রযাত্রা রুখতে ইউক্রেনীয় যোদ্ধারা প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে বলে জানিয়েছেন লুহানস্কের গভর্নর সের্হি হাইদাই। টেলিগ্রাম পোস্টে তিনি জানিয়েছেন, সংঘর্ষে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
স্থানীয় এক বাসিন্দা জানান, বাড়ির উঠানে যখন তিনি খাবার প্রস্তুত করছিলেন, হঠাৎ করেই প্রচণ্ড গোলাগুলি শুরু হয়।
বার্তা সংস্থা রয়টার্স গভর্নরের বরাতে জানিয়েছে, 'সেভেরোডোনেস্কে ও লিসিচানস্কের আশপাশে ভারী লড়াই চলছে। পরিস্থিতিকে তিনি ‘অত্যন্ত জটিল’ বলে বর্ণনা করেছেন।
গভর্নর হাইদাই বলেন, ‘শত্রুরা বিমানসহ সব ধরনের অস্ত্র মোতায়েন করেছে এখানে। দেশের প্রাণকেন্দ্রে প্রবেশ ঠেকাতে আমাদের সেনাবাহিনী জোরালো প্রতিরোধ গড়ে তুলেছে।
পার্শ্ববর্তী লিসিচানস্ক শহর এখনও ইউক্রেনীয় বাহিনীর দখলে। হতাহত এড়াতে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত রেখেছে প্রশাসন।
টেলিগ্রাম পোস্টে গভর্নর আরও জানিয়েছেন, শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। শহরের পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। লিসিচানস্ক-বখমুতের সড়ক ব্যবহারও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
সূত্র: বিবিসি।









