ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর দেশটিতে পাঠানো পশ্চিমাদের অস্ত্র অপরাধীদের হাতে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন ইন্টারপোল প্রধান জুরগেন স্টক। অস্ত্র সরবরাহকারী সদস্য রাষ্ট্রগুলোকে তিনি আহ্বান জানিয়েছেন অস্ত্র শনাক্তের ব্যবস্থা রাখার জন্য। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।
ইন্টারপোল প্রধান বলেছেন, সংঘাতের ইতি ঘটলে অস্ত্রের ঢেউ ও ভারী অস্ত্র বন্যার মতো আন্তর্জাতিক বাজারে প্রবেশ করবে। ফলে ইন্টারপোল সদস্য, বিশেষ যারা ইউক্রেনে অস্ত্র সরবরাহ করছে তাদের উচিত এসব অস্ত্র শনাক্তে সহযোগিতা করা।
জুরগেন স্কট বলেন, ইউক্রেনে এসব অস্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেলে, অবৈধ অস্ত্র আসবে। বিভিন্ন সংঘাতের ইতিহাস থেকে বিষয়টি আমরা জেনেছি। অপরাধীরা এখনই এই বিষয়ে মনোযোগী হয়েছে।
তিনি আরও বলেন, অপরাধী গোষ্ঠীরা এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তারা আগ্নেয়াস্ত্র, এমনকি সেনাবাহিনীর ব্যবহৃত অস্ত্র ও ভারী অস্ত্র পাওয়ার চেষ্টা করছে। এগুলো কালোবাজারে পাওয়া যাবে এবং চ্যালেঞ্জ তৈরি করবে। কোনও দেশ বা অঞ্চল এই বিচ্ছিন্নতা মোকাবিলা করতে পারবে না কারণ এসব গোষ্ঠী বৈশ্বিকভাবে পরিচালিত হয়।
ইন্টারপোল প্রধান বলছেন, আমরা ইউরোপ ও ইউরোপ বহির্ভুত দেশে অস্ত্রের প্রবাহ প্রত্যাশা করছি। আমাদের সতর্ক হওয়া উচিত। কারণ এগুলেঅ শুধু ইউক্রেনের প্রতিবেশী দেশ নয়, অন্য মহাদেশের বিভিন্ন দেশেও পাচার হতে পারে।









