ইউক্রেনে অভিযানের জেরে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী, অর্থ ব্যবস্থাপক, ব্যবসায়ী সের্গেই রোলডুগিনসহ একাধিক শীর্ষ সরকারি কর্মকর্তাকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
কয়েকজন রাশিয়ার ধনকুবের, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভো, দেশটির অন্যতম ধনী ব্যক্তিদের একজন আলেক্সি মোর্দাশভ রয়েছেন নিষেধাজ্ঞার তালিকায়।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশটির সরকার এবং ধনকুবেরদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলো। এসব নিষেধাজ্ঞায় ইতোমধ্যে প্রভাব পড়তেও শুরু করেছে রাশিয়ার অর্থনীতির ওপর।








