দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে পাল্টা আক্রমণের রাশিয়ার একটি ব্যাটালিয়ন ট্যাক্টিক্যাল গ্রুপ (বিটিজি) ধ্বংস করার দাবি জানিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ এই দাবির কথা জানিয়েছেন। মার্কিন সাময়িকী নিউজউইক এখবর জানিয়েছে।
আরেস্টোভিচ জানান, রাশিয়ার সেনাবাহিনীর একটি ভুলের সুযোগকে কাজে লাগিয়েছে ইউক্রেনীয় সেনারা। রুশ সেনারা ইনহুলেত নদী দিয়ে কাছের একটি গ্রামে যাওয়ার চেষ্টা করছিল। রুশ সেনারা বিমানবাহিনী, ট্যাংক ও অন্যান্য সরঞ্জাম নিয়ে হামলার পরিকল্পনা করছিল। কিন্তু মস্কোর সামরিক কমান্ডের সমন্বয় ছিল খুব দুর্বল।
জেলেনস্কির উপদেষ্টা বলেন, রুশ সেনারা অপ্রস্তুত অবস্থায় থাকার সময় আমাদের সেনারা হামলা চালায়। রুশরা যখন খুব দুর্বল অবস্থায় ছিল তখন আঘাত হানা হয়।
ইউক্রেনে আক্রমণের শুরুর দিকেই খেরসন দখল করে রুশ সেনারা। আরেস্টোভিচ বলেছেন, অঞ্চলটি মুক্ত করতে ধীরে ধীরে কাজ করছে ইউক্রেন।
তিনি দাবি করেন, তাদের এই অতর্কিত হামরায় রাশিয়ার কয়েক ডজন সামরিক সরঞ্জাম ও অন্তত একশ’ সেনা নিহত হয়েছে। ইউক্রেনেরও ক্ষয়ক্ষতি হয়েছে, তবে রুশ বিটিজিকে একেবারে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার যুদ্ধের ব্রিফিংয়ে খেরসনের কথা উল্লেখ করেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। অবশ্য ইউক্রেনে যুদ্ধে ক্ষয়ক্ষতির বিষয় খুব কম স্বীকার করে তারা।
কবে এই হামলা হয়েছে তা নির্দিষ্ট করে বলেননি আরেস্টোভিচ। তবে তার এই মন্তব্যের সঙ্গে খেরসন আঞ্চলিক সামরিক সংস্থার প্রধান হেন্নাদি লাহুতার বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি বৃহস্পতিবার বলেছিলেন, ইউক্রেনের সেনারা খেরসন অঞ্চলে অগ্রগতি অর্জন করছে এবং ২০টি ছোট শহর ও গ্রাম মুক্ত করেছে।









