• ইউক্রেনের সেভেরোডনেস্ক দখলের যুদ্ধ নৃশংস, আর এই যুদ্ধই ডনবাস অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ান সেনারা পূর্ব ইউক্রেনের নিয়ন্ত্রণের লক্ষ্যে চালানো হামলায় শহরটিকে বর্জ্যে পরিণত করে ফেলেছে। বুধবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘এটা খুবই নৃশংস এক যুদ্ধ, খুব কঠিন, সম্ভবত এই লড়াইয়ের কঠিনতম যুদ্ধ।’ ডনবাস অঞ্চলের যুদ্ধের কেন্দ্রস্থলে রয়েছে সেভেরোডনেস্ক… বৃহত্তর অর্থে এখন এখানেই আমাদের ডনবাস অঞ্চলের ভাগ্য নির্ধারিত হবে।’
• ইউক্রেনের লুহানস্কের গভর্নর সের্হি হাইদাই বলেছেন, এমন পরিস্থিতিতে সেভেরোডনেস্ক শহরে আটকে পড়া বেসামরিক নাগরিকদের উদ্ধার করা অসম্ভব। শহরটি এবং এর আশপাশে ব্যাপক লড়াই চলছে রুশ ও ইউক্রেনীয় যোদ্ধাদের মধ্যে। তবে পশ্চিমা দেশগুলো ইউক্রেনে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করলে দুই থেকে তিন দিনের মধ্যে সেভেরোডনেস্ক থেকে রুশ বাহিনী পুরোপুরি সরিয়ে ফেলা সম্ভব হবে।
• তবে ইউক্রেনীয় যোদ্ধারা এই শিল্প নগরী ও আশপাশের এলাকাগুলোয় নিজেদের অবস্থান এখনও ধরে রেখেছে জানিয়ে পরিস্থিতিকে জটিল বলছেন মেয়র অলেক্সেন্ডার স্ট্রিউক।
• জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া জোর দিয়ে বলেছেন, ইউক্রেনে অগ্রগতি হয়েছে মস্কোর। পূর্ব ডোনেস্ক ও লুহানস্ক অঞ্চলগুলোকে মুক্ত করা হবে... খুব শিগগিরই।
• এদিকে ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী দাবি করে বলেন, তার যোদ্ধারা পাল্টা আক্রমণ চালিয়ে খেরসন অঞ্চলের কিছু জায়গায় পুনরুদ্ধার করেছে।
• ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবশেষ গোয়েন্দা ব্রিফিং-এ জানানো হয়েছে, সেভেরোডেনেস্কে লড়াই আরও তীব্র হয়েছে। ৪৮ ঘণ্টায় রাশিয়ার ইস্টার্ন গ্রুপ অব ফোর্স ইজিয়ুমের দক্ষিণে আরও অগ্রসরের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
• ১০৬ দিনে ধরে চলা যুদ্ধ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও সতর্ক করে বলেন, ইউক্রেনের পরিস্থিতি পুরো বিশ্বব্যাপী খাদ্য সংকটের সূত্রপাত ঘটাবে।
• বুধবার (৮ জুন) দখলকৃত দক্ষিণ ইউক্রেনে মস্কোর নিযুক্ত এক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের শস্য বিদেশে পাঠাচ্ছে রাশিয়া। এর আগে ইউক্রেনীয় কর্মকর্তারা অভিযোগ তুলেন, তাদের ছয় লাখ টন শস্য চুরি করেছে রাশিয়া এবং এর কিছু অংশ রফতানি করে দিয়েছে। যদিও শস্য চুরির অভিযোগ অস্বীকার করেছে দেশটি।
• এমন পরিস্থিতিতেই বাল্টিক সাগরে ৬০টির বেশি যুদ্ধজাহাজ ও নৌকা নিয়ে নৌমহড়া চালাচ্ছে মস্কো।
• ইউক্রেনে অভিযানের মধ্যে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপের জন্য জার্মানির চ্যান্সেলর ওলফ শলৎজ ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনা করেছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা। তিনি পরিস্থিতিটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান একনায়ক অ্যাডলফ হিটলারের সঙ্গে কথোপকথনের তুলনা করেছেন।
• এদিকে ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের দখলকৃত অংশে চলতি বছরের শেষ নাগাদ গণভোট আয়োজনের পরিকল্পনা করছে রাশিয়া।
• মারিউপোলে আত্মসমর্পণ করা এক হাজারের বেশি ইউক্রেনীয় এবং বিদেশি ভাড়াটে যোদ্ধাকে রাশিয়ায় স্থানান্তরিত করা হয়েছে তদন্তের জন্য। আরও ইউক্রেনীয় যুদ্ধ বন্দিদের পর্যায়ক্রমে নেওয়া হতে পারে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাস।
সূত্র: দ্য গার্ডিয়ান।









