- ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নির্বাহী পরিষদ এই সপ্তাহে ইউক্রেনকে প্রার্থী সদস্য হিসেবে সুপারিশ করবে কিনা তা সম্পর্কে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে শনিবার তিনি বলেন, ইউরোপে যোগদানে ইউক্রেনকে আমরা সহযোগিতা করতে চাই। ইইউ’র সদস্য হওয়ার ক্ষেত্রে এই সুপারিশ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। জেলেনস্কি বলেছেন, ইউক্রেন নিয়ে ইইউ’র সিদ্ধান্ত ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার আক্রমণের বিষয়ে সতর্কতা শুনতে চাননি ভলোদিমির জেলেনস্কি। লস অ্যাঞ্জেলসে একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে তিনি বলেছেন, কোনও সন্দেহ ছিল না ভ্লাদিমির পুতিন আক্রমণের পরিকল্পনা করছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন কিছু আর ঘটেনি। আমি জানি অনেক মানুষ করে আমি অতিরঞ্জিত করেছি। কিন্তু আমি জানি যে, আমাদের কাছে তথ্য রয়েছে পুতিন সীমান্ত অতিক্রম করে আক্রমণ করবেন। এই বিষয়ে আমাদের কোনও সন্দেহ ছিল না এবং জেলেনস্কি এই বিষয়টি শুনতে চাননি।
- রুশ সেনাদের হাতে বন্দি হওয়া এক ব্রিটিশ ব্যক্তির পরিবার বলেছে তারা গভীর বিচলিত এবং তার মুক্তির জন্য জরুরি সহযোগিতার আহ্বান জানিয়েছে। শ্যন পিনার (৪৮) ও আইডেন আসলিনকে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। যুক্তরাজ্য সরকার এই বিচারকে লজ্জাজনক হিসেবে উল্লেখ করেছে। রুশ সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে মারিউপোলে লড়াই করছিলেন এই দুই ব্রিটিশ যোদ্ধা। এপ্রিলে তাদের বন্দি করে রুশ সেনারা।
- রোলস-রয়েস জার্মানি ইউক্রেনকে দুটি সুপারপাওয়ার জেনারেটর দিয়েছে বলে শনিবার ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এমন জেনারেটর শুধু একটি ভবন নয়, বড় আঞ্চলিক হাসপাতাল হলে সব ভবনে বিদ্যুৎ জোগাতে পারবে।
- যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, তারা সেন্ট পিটার্সবুর্গ আন্তর্জাতিক ফোরাম বয়কট করবে। এই মাসের শেষ দিকে রাশিয়ায় এই ফোরাম অনুষ্ঠিত হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, বিভিন্ন দেশের সরকার ও কোম্পানির প্রতি আহ্বান আমাদের বয়কটের সঙ্গে শামিল হোন এবং রাশিয়াকে স্পষ্ট বার্তা দিন ইউক্রেনে যখন নৃশংস আক্রমণ চালানো হচ্ছে তখন স্বাভাবিক কর্মকাণ্ড জারি রাখা যায় না।
- ব্যাপক হতাহতের কারণে রুশ সেনাবাহিনী আরেকটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট-এর খবরে এমন দাবি করা হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীর তথ্য অনুসারে, রাশিয়ার বেলগোরোড অঞ্চলের শেবেকিনো গ্রামে এটি স্থাপন করা হয়েছে।
- সেভেরোডনেস্ক অঞ্চলে আজত রাসায়নিক কারখানায় নিয়ন্ত্রণ এখনও ইউক্রেনের হাতে রয়েছে। আঞ্চলিক গভর্নর বলেছেন, এখানে প্রায় ৮০০ মানুষ আশ্রয় নিয়েছে। এদের মধ্যে সেভেরোডনেস্ক’র ২০০ কর্মী ও ৬০০ বাসিন্দা রয়েছেন। রুশপন্থী এক বিচ্ছিন্নতাবাদী দাবি করেছেন, কারখানায় ৩০০-৪০০ ইউক্রেনীয় যোদ্ধা আটকা পড়েছে।
- যুদ্ধাপরাধের তদন্তের জন্য শনিবার ইউক্রেনে পৌঁছেছে জাতিসংঘের একটি কমিশন। ইউক্রেনের পার্লামেন্টের ডেপুটি স্পিকার ওলেনা কন্দ্রাতিউক বলেছেন, এই কমিশনের লক্ষ্য হলো যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা লিপিবদ্ধ করা।
- যুদ্ধে এ পর্যন্ত ১০ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা অলেক্সি আরেস্টোভিচ সামাজিক যোগাযোগমাধ্যমে সাক্ষাৎকারে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়, যুদ্ধের প্রথম একশ’ দিনে কতজন ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন? উত্তরে তিনি বলেন, দৈনিক ১০০ যোদ্ধা প্রাণ হারাচ্ছে এই যুদ্ধে, আহত হচ্ছেন অনেকে।
- ইউরোপীয় বর্ডার ও কোস্ট গার্ড এজেন্সি বলেছে, ফেব্রুয়ারির পর হতে এ পর্যন্ত ২৫ লাখ ইউক্রেনীয় দেশে ফিরেছেন। যুদ্ধ শুরু হলে ৫৫ লাখ ইউক্রেনীয় ইউরোপে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন।
- ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের এক কর্মকর্তা দাবি করেছেন, রাশিয়া ইউক্রেনে দুর্ভিক্ষ সৃষ্টির পাঁয়তারা করছে। ১৯৩২ থেকে ১৯৩৩ সালে সোভিয়েত ইউক্রেনে এক দুর্ভিক্ষে লাখো মানুষের মৃত্যু হয়েছিল। ওই কর্মকর্তা বলেন, রুশরা ইউক্রেনের শস্যক্ষেতে আগুনবোমা বর্ষণ করছে। এগুলো দুর্ভিক্ষ সৃষ্টির জন্য বৈশ্বিক খাদ্য সংকট তৈরি করছে।
- ইউক্রেনের সশস্ত্র বাহিনী স্পেসএক্স-এর একটি নতুন স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা পেয়েছে। ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গোয়েন্দা মিশনের জন্য স্টারলিংককে কাজে লাগানো হবে।
- বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর জোট জি-৭ সম্মেলনের আগে ইউক্রেন সফর করবেন ইউরোপের তিন দেশের সরকারপ্রধান। গুরুত্বপূর্ণ এই সম্মেলনের আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি এবং জার্মানির চ্যান্সেলর ওলফ শলৎস রাজধানী কিয়েভ সফর করবেন।
সূত্র: দ্য গার্ডিয়ান









