ইউক্রেনে রাশিয়ার দখলকৃত স্পর্শকাতর জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে সামরিক শক্তি বন্ধ করে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। গত কয়েকদিন ধরে কেন্দ্রটির আশপাশে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে লড়াই চলছে।
রবিবার এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র দখল রাখা নিয়ে ওই এলাকায় যে সামরিক সংঘর্ষ অব্যাহত আছে তা বন্ধ করা উচিত। জাপোরিজ্জিয়া ইস্যুতে চার দেশের নেতারা ফোনালাপে প্ল্যান্টের চারপাশে সামরিক অভিযান এড়াতে আলোচনা করেন।
পারমাণবিক কেন্দ্রে ইতোমধ্যে কয়েক দফা হামলার ঘটনায় সতর্ক করেছে জাতিসংঘ। এ অবস্থায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর স্বাধীন পরিদর্শক দলকে অবিলম্বে প্ল্যান্ট পরিদর্শনের ওপর গুরুত্বারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বাহিনী হামলা চালাচ্ছে বলে অভিযোগ করে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একাধিকবার সতর্ক করে তিনি বলেন, জাপোরিজ্জিয়াতে একটি বিকিরণের পরিণতি চেরনোবিলের চেয়েও বেশি বিপর্যয়কর হতে পারে।









