জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ছয়টি রিঅ্যাক্টরের মধ্যে দুইটির সঙ্গে ইউক্রেনের জাতীয় গ্রিডের সংযোগ ফের স্থাপিত হয়েছে। তবে এরপর এখনও ঝুঁকি রয়ে গেছে বলে শুক্রবার জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ওভারহেড লাইনে আগুন ধরে যাওয়ায় রাশিয়ার অধিকৃত ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে ইউক্রেনের জাতীয় পাওয়ার গ্রিডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির ইতিহাসে প্রথমবারের মতো বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। তবে ছয়টি রিঅ্যাক্টরের মধ্যে দুইটির সংযোগ পুনস্থাপিত হয়। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন।
ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি এনারগোএটম শুক্রবার সন্ধ্যায় জানিয়েছে, কেন্দ্রটির দুইটি সচল রিঅ্যাক্টরের সঙ্গে জাতীয় গ্রিডের সংযোগ স্থাপিত হয়েছে। এই সংযোগ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে।
নিজের প্রাত্যহিক ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘জোর দিয়ে বলতে চাই পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক রয়ে গেছে। ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়াতে’ ইউক্রেনীয় বিশেষজ্ঞদের প্রচেষ্টা প্রশংসা করেন তিনি।
শুক্রবার জেলেনস্কি বলেন, ‘গতকালের ঘটনার পুনরাবৃত্তি, যার অর্থ গ্রিড থেকে স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হওয়া, রাশিয়ার কোনও পদক্ষেপে রিঅ্যাক্টরগুলোর সংযোগ বিচ্ছিন্ন হলে আবারও স্টেশনটি বিপর্যয় থেকে এক ধাপ দূরে রাখবে’।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালানোর পর মার্চেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। তবে এখনও কেন্দ্রটি পরিচালনা করছে ইউক্রেনীয় কর্মীরা।
সূত্র: রয়টার্স









