ইউক্রেনের বিরুদ্ধে জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় ফের গোলাবর্ষণের অভিযোগ করেছে রাশিয়া। মস্কোর তরফে এমন অভিযোগ তোলা হয়েছে। রুশ প্রতিরক্ষা দফতরের অভিযোগ, গত ২৪ ঘণ্টায় তিন দফায় সেখানে গোলাবর্ষণ করেছে কিয়েভ। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরার খবরে অবশ্য বলা হয়েছে, তাদের পক্ষে রাশিয়ার অভিযোগের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। কিয়েভের তরফেও তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি ওভারহেড লাইনে আগুন ধরে যাওয়ায় রাশিয়ার অধিকৃত ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে ইউক্রেনের জাতীয় পাওয়ার গ্রিডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির ইতিহাসে প্রথমবারের মতো বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। তবে ছয়টি রিঅ্যাক্টরের মধ্যে দুইটির সংযোগ পুনস্থাপিত হয়। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন।
শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ছয়টি রিঅ্যাক্টরের মধ্যে দুইটির সঙ্গে ইউক্রেনের জাতীয় গ্রিডের সংযোগ ফের স্থাপিত হয়েছে। তবে ঝুঁকি এখনও রয়ে গেছে।









