ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের ‘জীবন ও নিরাপত্তার’ প্রতিশ্রুতি দিয়ে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ। শুক্রবার রুশ ভাষায় প্রকাশ করা এক ভিডিও বার্তায় রাশিয়ার সেনাদের উদ্দেশে সরাসরি এই আহ্বান জানিয়েছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
রুশ সেনাদের উদ্দেশে রেজনিকভব বলেন, আপনারা এখনও রাশিয়াকে ট্র্যাজেডি এবং রাশিয়ার সেনাবাহিনীকে অপমানের হাত থেকে রক্ষা করতে পারেন।
রেজনিকভ রুশ সেনাদের সময় অপচয় না করারও আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, যারা লড়াই করতে অস্বীকৃতি জানাবে আমরা তাদের জীবন, নিরাপত্তা ও ন্যায় বিচারের নিশ্চয়তা দেব। যারা অপরাধমূলক আদেশে দিয়েছে তাদের জন্য একটি ট্রাইব্যুনাল নিশ্চিত করা হবে।
ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, ক্রেমলিন আপনাদের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে। তাদের পক্ষ থেকে আপনাদের সহজে বলা সম্ভব যে আপনারা কাল্পনিক ন্যাটো বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বীরত্বের সঙ্গে মৃত্যুবরণ করেছেন। এটি সত্য যে, ন্যাটো মিত্ররা আমাদের অস্ত্র সরবরাহ করছে। কিন্তু এই অস্ত্র দিয়ে ইউক্রেনের সেনারাই আপনাদের হত্যা করছে।
রেজনিকভ বলেন, রুশ ভূখণ্ডের কোনও প্রয়োজন নেই ইউক্রেনের। আমাদের যথেষ্ট ভূখণ্ড আছে। আমরা শুধু দখল করা ভূখণ্ড ফেরত নিতে চাইছি।
সেপ্টেম্বর থেকে দক্ষিণ ও পূর্বাঞ্চলে রাশিয়ার দখলকৃত অঞ্চল মুক্ত করতে সামরিক অভিযান শুরু করেছে ইউক্রেন। গত সপ্তাহে রুশ অধিকৃত দক্ষিণাঞ্চলীয় খেরসনের দিকে আরও অগ্রসর হওয়ার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। অক্টোবরের শুরু থেকে পাল্টা আক্রমণে এখন পর্যন্ত ৪০০ বর্গকিলোমিটার এলাকা রুশ দখলমুক্ত করার কথাও জানিয়েছে তারা।









