ইউক্রেনে নতুন করে বড় ধরনের হামলার কোনও প্রয়োজন নেই। রাশিয়া দেশটিকে ধ্বংস করে দিতে চায় না। এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার কাজাখস্তানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি আংশিক সেনাসমাবেশের যে ঘোষণা দিয়েছেন সেটির প্রক্রিয়া আগামী দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। এরপর নতুন করে আবারও সেনাসমাবেশের কোনও পরিকল্পনা ক্রেমলিনের নেই।
আলোচনার টেবিলে বসতে রাশিয়ার আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন পুতিন।
রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনকে ধ্বংস করে দেওয়ার কোনও উদ্দেশ্য তার দেশের ছিল না। বরং বিদ্যমান সামরিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করেছে মস্কো।
আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ এবং সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে চান কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে পুতিন জানান, এ ব্যাপারে এখনও পর্যন্ত তিনি কোনও সিদ্ধান্ত নেননি।









