রাশিয়ার বিরুদ্ধে জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই সিনিয়র কর্মীকে অপহরণের অভিযোগ করেছে ইউক্রেন। মঙ্গলবার ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা এনারজোয়াটমের তরফে এমন অভিযোগ করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে এনারজোয়াটম জানিয়েছে, ওই দুই কর্মী হচ্ছেন জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান ওলেহ কোস্টিউকভ এবং প্ল্যান্টের পরিচালকের সহকারী ওলেহ ওশেক। সোমবার তাদের আটক করা হয়।
এনারজোয়াটমের বিবৃতিতে বলা হয়েছে, অপহৃত দুই কর্মীর বর্তমান অবস্থান বা অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।
ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরুর দিকেই জাপোরিজ্জিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র এলাকার দখল নেয় রাশিয়া। গত মাসে কেন্দ্রটি পরিদর্শন করে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ। ওই পরিদর্শনের পর সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে অঞ্চলটিতে গোলাবর্ষণ থামানো এবং সেখানে একটি নিরাপত্তা ও সুরক্ষা অঞ্চল তৈরির আহ্বান জানানো হয়েছিল।









