ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্বাঞ্চলীয় ডনেস্কতে রুশ সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে এক সেন্টিমিটার ভূখণ্ডও ছাড়বে না ইউক্রেন। মঙ্গলবার রাতের এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, দখলদারদের কর্মকাণ্ড ব্যাপক, প্রতিদিন কয়েক ডজন হামলা হচ্ছে।
ভলোদিমির জেলেনস্কি বলেন, রুশ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছে। কিন্তু অবস্থা একই রয়েছে। ডনেস্ক অঞ্চলে আমরা এক সেন্টিমিটার ভূখণ্ডও ছাড়ব না।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর প্রায় সাড়ে আট মাস পার হলেও উভয়পক্ষ এখনও বিভিন্ন রণক্ষেত্রে লড়াই করছে। রাশিয়ার দখলকৃত ভূখণ্ড মুক্ত করতে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেন।
বুধবার মার্কিন বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, গত ২৪ ঘণ্টায় রুশ হামলায় অন্তত ৯ বেসামরিক নিহত ও অপর ২৪ জন আহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয়। ইউক্রেন অভিযোগ করেছে, রাশিয়া বিস্ফোরকবাহী ড্রোন, রকেট ও ভারী কামান এবং যুদ্ধবিমান দিয়ে দক্ষিণ-পূর্ব অঞ্চলে হামলা চালাচ্ছে।
মঙ্গলবার দিবাগত রাতে খেরসনের উত্তরে স্নিহুরিভকা শহরে রুশ ও ইউক্রেনীয় সেনাদের সংঘর্ষ হয়েছে।









