ইউক্রেনকে অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। বুধবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্র এই ঘোষণা দিয়েছে। তবে বৃহস্পতিবার রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিলেও তা ইউক্রেনে রাশিয়ার অর্জনে বাধা হবে না বা সংঘাতের অবসান ঘটাতে সহযোগিতা করবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রুশ প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরে শান্তি আলোচনায় প্রস্তুত থাকার কোনও ইঙ্গিত ছিল না। যা প্রমাণ করে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে ছায়াযুদ্ধে লিপ্ত যুক্তরাষ্ট্র।
পেসকভ বলেন, এটি দ্রুত সমাধানের পক্ষে নয়, বরং বিপরীত। আর এটি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য অর্জন থেকে ঠেকাতে পারবে না।
বুধবার মার্কিন কংগ্রেসে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা গণতন্ত্রে বিনিয়োগ। ভাষণে তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আরও সহযোগিতা চেয়েছেন।
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহকে আকাশবর্ম তৈরিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।









