অঘোষিত কিয়েভ সফর এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহযোগিতার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, গণতান্ত্রিক বিশ্বকে এই ঐতিহাসিক লড়াই জিততে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
টেলিভিশনে প্রচারিত এক যৌথ বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, ইউক্রেন-যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই সফর সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি দেখিয়ে দিচ্ছে ইতোমধ্যে আমরা যা অর্জন করেছি। আজ আমাদের আলোচনা খুব ফলপ্রসু হয়েছে।
জেলেনস্কি বলেছেন, বাইডেনের আকস্মিক সফরের ফলাফল প্রতিফলিত হবে রণক্ষেত্রে। জানুয়ারির শুরুতে ইউক্রেনকে আব্রাম ট্যাংক দেওয়ার সিদ্ধান্তে ইতোমধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা মজবুত হয়েছে।
তিনি আরও বলেছেন, বাইডেনের সঙ্গে দূরপাল্লার অস্ত্র নিয়েও আলোচনা হয়েছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, আমি জানি ইউক্রেনের বড় সহযোগিতা প্যাকেজ থাকবে। এটি ইঙ্গিত দিচ্ছে রাশিয়ার জয়ী হওয়ার কোনও সুযোগ নেই।
বাইডেনকে তিনি বলেন, ইউক্রেন আপনার প্রতি কৃতজ্ঞ, মিস্টার প্রেসিডেন্ট।









