ইউক্রেনের পদাতিক বাহিনীর কমান্ডার দাবি করেছেন, পূর্বাঞ্চলীয় বাখমুত শহর দখলের লড়াইয়ে রুশ সেনারা ‘স্কর্চড আর্থ’ কৌশল গ্রহণ করেছে। সোমবার তিনি এই অভিযোগ করেন। এই কৌশলের অংশ হিসেবে বিমান হামলা ও কামানের গোলাবর্ষণে শহরটির ভবন ও অবস্থান গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ডনেস্ক অঞ্চলের ছোট শহর বাখমুত দখলে কয়েক মাস ধরে আক্রমণ চালিয়ে আসছে রাশিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণের পর এই শহর দখলের লড়াইটি বৃহত্তম হিসেবে পরিণত হয়েছে।
ইউক্রেনীয় পদাতিক বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি বলেন, শত্রুরা সিরিয়ায় প্রয়োগ করা তথাকথিত স্কর্চড আর্থ কৌশল বাস্তবায়ন করছে।
তিনি বলেছেন, ইউক্রেনীয় সেনাবাহিনী এখনও শহরটির প্রতিরক্ষায় লড়াই করছে।
সিরস্কি বলেন, পরিস্থিতি কঠিন কিন্তু নিয়ন্ত্রণযোগ্য। রুশ সেনারা তাদের স্পেশাল ফোর্স ও প্যারাট্রুপার নিয়ে আসছে। কারণ ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর যোদ্ধারা ক্লান্ত হয়ে পড়েছে।









