যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে আরও সহায়তার আশ্বাস দিয়েছে জি-৭ দেশগুলো। ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেন, জি-৭ জোট থেকে ৫০০ কোটি মার্কিন ডলারের সহায়তা পাবে কিয়েভ। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বসন্ত বৈঠক থেকে এ বিষয়ে চুক্তি হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা গেছে, সুইজারল্যান্ড আগামী ৬ বছরে ২০০ কোটি মার্কিন ডলার দেবে ইউক্রেনকে। এছাড়া ডেনমার্ক ১০০ কোটি ডলারের মূল্যের একটি বিশেষ তহবিল গঠন করবে।
স্পেন, আয়ারল্যান্ড, জাপান, লিথুয়ানিয়া, লাটভিয়া, আইসল্যান্ড এবং নেদারল্যান্ডসও ইউক্রেনকে অতিরিক্ত সহায়তা প্রদান করবে বলে জানান ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল।
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে বিজয়ী হতে এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করবে এ প্রতিশ্রুতি। ইউক্রেনে ১ বছরের বেশি সময় ধরে হামলা চলছে রুশ বাহিনীর। ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। যুদ্ধ শুরুর পর জেলেনস্কির সরকারকে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। পরের অবস্থানে রয়েছে যুক্তরাজ্য।
এদিকে খেরসন অঞ্চলে পুলিশ কর্মকর্তাদের ওপর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ফেসবুকে এক পোস্টে অঞ্চলটির পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী কোরাবেল এলাকায় পুলিশের ওপর হামলা চালালে কয়েকজন আহত হন।








