রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলের একটি রুশ কারখানা থেকে চীনের একটি কোম্পানি তামার খাদের ধাতুপিণ্ড আমদানি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স একটি বাণিজ্যিক তথ্য সরবরাহকারীর কাছ থেকে পাওয়া নথি পর্যালোচনা করে এই তথ্য জানিয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা এই আমদানির মূল্য ছিল প্রায় ৭০ লাখ ৪০ হাজার ডলার।
চীনের সঙ্গে রাশিয়ার বাণিজ্যের ওপর কোনও পশ্চিমা নিষেধাজ্ঞা নেই। তবে যুক্তরাষ্ট্র হুমকি দিয়ে বলেছে, নিষেধাজ্ঞা অমান্য করলে বিশ্বের বিভিন্ন কোম্পানিকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। মার্কিন রফতানি নিষেধাজ্ঞায় পণ্য মস্কোকে সরবরাহ করার ক্ষেত্রে বেইজিংকে সতর্ক করে ওয়াশিংটন।
যাচাইকৃত তথ্যে ইউক্রেনে রুশ আক্রমণের পর রাশিয়ার দখলকৃত অঞ্চলের সঙ্গে চীনা বাণিজ্যের প্রথম প্রমাণ হাজির হলো।
রয়টার্স বলেছে, কুঝো নোভা নামের চীনা প্রতিষ্ঠান ২০২২ সালের ৪ অক্টোবর থেকে ২০২৩ সালের ২৪ মার্চ পর্যন্ত মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দেবল্টসেভস্কি কারখানা থেকে মোট ৭০ লাখ ৪০ হাজার ডলার অন্তত ৩ হাজার ২২০ টন তামার খাদ কিনেছে।
এই কারখানাটি পূর্ব ইউক্রেনের ডনেস্ক অঞ্চলে লুহানস্ক সীমান্তের কাছে অবস্থিত। গত সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে চারটি ইউক্রেনীয় অঞ্চলকে রাশিয়ার অংশ বলে দাবি করেছিলেন তার মধ্যে ডোনেস্ক এবং লুহানস্ক উভয়েই রয়েছে।
চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের কুঝো শহরে অবস্থিত একটি বাণিজ্যিক এবং উৎপাদন কোম্পানি কুঝো নোভা রয়টার্সকে বলেছে, তাদের তামার খাদের বাণিজ্য সম্পর্কিত কোনও আমদানি ও রফতানি ব্যবসা নেই।
রয়টার্স কোম্পানিটিকে তাদের পাওয়া নথি দেখানোর পর কুঝো নোভা বলেছে, নথিটি বুঝতে পারা কঠিন, কারণ এই নথিটি স্ট্যাম্পযুক্ত এবং স্বাক্ষরিত নয়। বিষয়টি নিয়ে কাস্টমসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে তারা।
যে সরবরাহকারীর কাছ থেকে রয়টার্স তথ্য পেয়েছে তারা বিশ্বব্যাপী সব চালানের তথ্য সংগ্রহ করে। তাদের তথ্যে স্ট্যাম্প বা স্বাক্ষর প্রদর্শন করা হয় না। চীনা কাস্টমস সার্ভিস আমদানির বিস্তারিত তথ্য দেয়নি। কর্তৃপক্ষ শুধু বলেছে, কোম্পানির বাণিজ্যের তথ্য জনসাধারণের জন্য প্রকাশ করা হয় না।
চীনের সরকারি কাস্টমসের পরিসংখ্যান অনুসারে, অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে রাশিয়া থেকে ৮৫ কোটি ২০ লাখ ডলার মূল্যে তামা ও তামার মিশ্রণ আমদানি করেছে।
মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে, রাশিয়ার ফেডারেল শুল্ক পরিষেবা রয়টার্সকে বলেছে, সংস্থাগুলোর তথ্য গোপনীয় এবং প্রকাশ করা হয় না।
শুক্রবার বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলেছে, লেনদেন সম্পর্কে রয়টার্সের খবর সত্য কিনা বা কী প্রমাণ পাওয়া যায় তা তারা জানে না। বিষয়টি সম্পর্কে তাদের কাছে কোনও তথ্য নেই।
ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সংখ্যাগরিষ্ঠ দেশ ইউক্রেনীয় চারটি অঞ্চল রাশিয়ার অংশ ঘোষণাকে বেআইনি বলে ঘোষণা করেছে।








