আলোচনার মাধ্যমে যেকোনও সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু ইউক্রেনে যতদিন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ক্ষমতায় থাকবেন, ততদিন দেশটির সঙ্গে কোনও আলোচনা সম্ভব না। ভিয়েতনাম সফরে গিয়ে সাংবাদিকদের এমন শর্তের কথা তুলে ধরেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ বলেন, ‘যতদিন পর্যন্ত কিয়েভে বর্তমান সরকার ও ভাঁড় জেলেনস্কি ক্ষমতায় থাকবে, ততদিন পর্যন্ত আলোচনা অসম্ভব।’
তিনি বলেন, আজ হোক বা কাল হোক, একটা সমঝোতা চুক্তি হবে।
কিয়েভের বর্তমান সরকারকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করেছেন মেদভেদেভ। ইউক্রেনের সরকার পরিবর্তন না করলে এ সংঘাত কয়েক দশক ধরে চলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
প্রায় ১৫ মাস ধরে চলছে ইউক্রেন-রাশিয়ার সংঘাত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে মস্কো। বর্তমানে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহর নিয়ে চলছে দুই পক্ষের লড়াই। মস্কো শহরটি দখল করে ফেলার দাবি করলেও যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে দাবি করছে কিয়েভ। দীর্ঘদিন ধরে পাল্টা হামলার কথা বললেও কবে তা শুরু করবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি জেলেনস্কি। তবে সম্প্রতি রাশিয়ার বেলগোরোদসহ বেশ কিছু অঞ্চল ও জ্বালানি ডিপোতে হামলার ঘটনা ঘটে। অবশ্য এসব হামলার দায় অস্বীকার করেছে কিয়েভ।
সূত্র: তাস









