ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ডিনিপ্রোর একটি আবাসিক এলাকায় রাশিয়ার কথিত বিমান হামলায় দুই বছরের এক শিশু ও অপর ২২ জন আহত হয়েছেন। স্থানীয় ইউক্রেনীয় গভর্নর সেরহি লিসাক এই দাবি করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সেরহি লিসাক বলেছেন, শনিবার দিবাগত রাতে পিডোরোডনেস্কা সম্প্রদায়ের একটি বাসার ধ্বংসস্তূপ থেকে দুই বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও পাঁচ শিশু আহত হয়েছে। এদের মধ্যে তিন ছেলের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে, দুই তলা ভবনটির ধ্বংসাবশেষে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
এই হামলার জন্য তিনি রাশিয়াকে দায়ী করেছেন। তবে এই হামলার বিষয়ে ক্রেমলিনের কোনও মন্তব্য পাওয়া যায়নি। অতীতে বেসামরিকদের লক্ষ্য করে হামলার কথা অস্বীকার করেছে মস্কো।
কিয়েভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনীয় রাজধানীতে আবারও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এর আগে পুরো দেশকে বিমান হামলার সতর্ক অবস্থায় রাখা হয়েছিল।








