কিয়েভের পাল্টা আক্রমণের মুখে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রণক্ষেত্র থেকে পালাচ্ছে রুশ সেনারা। ইউক্রেনীয় সেনাবাহিনী এমন দাবি করেছে। রবিবার সকালে আভিযানিক হালনাগাদ তথ্যে এই দাবি করে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।
ইউক্রেনীয় জেনারেল স্টাফ বলছে, পূর্বাঞ্চলীয় লুহানস্কে লড়াই চলছে। এই রণক্ষেত্র থেকে রুশ সেনারা দূরে সরে যাচ্ছে।
এই দাবি নিউজউইকের পক্ষে স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য পাওয়া যায়নি।
ইউক্রেনে যুদ্ধরত সেনাদের পক্ষ ত্যাগ রাশিয়ার জন্য একটি সমস্যায় পরিণত হয়েছে। ২০২২ সালের নভেম্বরে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, রুশ সেনা কর্মকর্তারা দলত্যাগীদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে পারে। সতর্ক করার পর দল ত্যাগকারীদে গুলি করে হত্যার নির্দেশ দেওয়া হতে পারে।
ইউক্রেনীয় জেনারেল স্টাফ বলছে, রুশ সেনাদের একটি দল নভোরোজসস গ্রামে নিজেদের অবস্থান ছেড়ে পালিয়েছে। পালিয়ে যাওয়া রুশ সেনাদের মধ্যে রাশিয়ার ন্যাশনাল গার্ডের সদস্যরাও রয়েছে।
চলতি মাসের শুরুতে ইউক্রেনীয় সংবাদমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়েছে, পিছু হটতে থাকা সেনাদের গুলি করছে রুশ সেনারা।
সম্প্রতি ইউক্রেনের বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে। শুরুর দিকেই দেশটি রুশ দখলে থাকা সাতটি গ্রাম পুনরুদ্ধার করেছে। ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বলছে, শনিবার অন্তত চারটি স্থানে পাল্টা আক্রমণ অভিযান পরিচালনা করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী।
রবিবার ইউক্রেনীয় জেনারেল স্টাফ জানিয়েছে, শনিবার অন্তত ২৬টি সংঘর্ষ হয়েছে। ডনেস্ক অঞ্চলের বাখমুত, লিম্যান, আভদিভকা ও মারিঙ্কা শহরে এসব লড়াই হয়েছে।







