ইউক্রেনে রাশিয়ার দখলকৃত খেরসন অঞ্চলে ‘গুরুত্বপূর্ণ’ রুশ অস্ত্রাগার ধ্বংস করেছে কিয়েভের সেনারা। খেরসনের হেনিচেস্কের বন্দরনগরী রিকোভে এমন ঘটনা ঘটেছে বলে দাবি ওডেসার সামরিক বাহিনীর মুখপাত্র সেরহি ব্রাচুকের। রবিবার (১৮ জুন) তিনি এমন দাবি করেছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
রবিবার সকালে ভিডিও বার্তায় সেরহি ব্রাচুক বলেন, ‘আমাদের সেনারা সকালে একটি বড় বিস্ফোরণ ঘটিয়েছে। সাময়িকভাবে রাশিয়ার দখলে থাকা হেনিচেস্কের রিকোভ শহরে এই বিস্ফোরণ ঘটে।’
তিনি আরও বলেন, ‘সেখানে রাশিয়ার খুবই গুরুত্বপূর্ণ অস্ত্রাগার ছিল, যা ধ্বংস হয়ে গেছে।’
বিস্ফোরণের শব্দসহ ধোঁয়ার কুণ্ডলী ওঠার ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনীয় সংবাদমাধ্যমগুলো। তবে, ইউক্রেনের এমন দাবি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি রাশিয়া।
দক্ষিণাঞ্চলীয় ইউক্রেনের আজভ সাগরের তীরবর্তী বন্দরনগরী রিকোভ। ২০২২ আগ্রাসন শুরুর প্রাথমিক পর্যায়েই অঞ্চলটি দখল করে নিয়েছিল রুশ যোদ্ধারা। ইউক্রেনীয় ভূখণ্ড থেকে রুশ বাহিনীকে হটাতে সম্প্রতি বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে কিয়েভ। এক সপ্তাহের মধ্যেই রাশিয়ার কাছ থেকে ৭টি গ্রাম পুনরুদ্ধার করেছে বলে দাবি জেলেনস্কির বাহিনী।
সূত্র: রয়টার্স









