ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ইঙ্গিত দিয়েছেন, অস্ত্র সরবরাহ করা বিভিন্ন দেশের প্রতি ধন্যবাদ জানানোর ক্ষেত্রে ইউক্রেনের আরও গুরুত্বারোপ করা উচিত। মঙ্গলবার ন্যাটোতে যোগদানের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ না করা এবং বিভিন্ন শর্তারোপ নিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইউক্রেনীয় যে সহযোগিতা পেতে পারে সেগুলোর জন্য অনুরোধ করছে। এর অর্থ হচ্ছে তারা যে সহযোগিতা পাচ্ছে সেটির জন্য সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করছে না।
বেন ওয়ালেস বলেন, আমরা পছন্দ না করলেও জনগণ কিছুটা কৃতজ্ঞতাবোধের প্রকাশ দেখতে চায়। অনেক সময় আপনি (জেলেনস্কি) দেশগুলোর নিজের মজুত থেকে অস্ত্র সরবরাহের অনুরোধ করছেন। অনেক সময় যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের রাজি করানোর জন্য আপনাকে ছুটতে হচ্ছে।
ব্রিটিশ মন্ত্রী বলেছেন, গত বছর ইউক্রেন সফরের সময় তার কাছে অস্ত্রের একটি তালিকা দেওয়া হয়েছে। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আপনারা জানেন আমরা অ্যামাজন নই। আমি গত বছর তাদের এই কথাটি বলেছি।
অবশ্য বেন ওয়ালেস বলেছেন, জেলেনস্কি নিজের দেশের জনগণের কথা বিবেচনা করে কথা বলছেন। মঙ্গলবারের অভিযোগের পরও ন্যাটোর ঘোষণা ইউক্রেনের ভালো পদক্ষেপ। মোটাদাগে মেনে নেওয়া হয়েছে ইউক্রেনের স্থান ন্যাটোতে। এর ফলে সংঘাতের অবসানের পর ন্যাটোতে যোগদানের কার্যকর আমন্ত্রণ পাবে দেশটি।









