ইউক্রেনের উত্তর সীমান্ত অতিক্রম করার চেষ্টার সময় রুশ নাশকতাকারীদের ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে কিয়েভ। মঙ্গলবার (০১ আগস্ট) রুশ নাশকতাকারীরা সীমান্ত অতিক্রম করে ইউক্রেনে প্রবেশের চেষ্টা করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো টেলিগ্রাম বার্তায় বলেছেন, গত রাতে রুশ নাশকতাকারীরা ইউক্রেনের সীমা অতিক্রম করার চেষ্টা করে। চেরনিহিভ অঞ্চলের সীমান্ত রক্ষীরা তাদের প্রচেষ্টাকে থামিয়ে দেয়।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর যৌথ বাহিনীর কমান্ডার সেরহি নায়েভ বলেছেন, চারজন সশস্ত্র সেনা ইউক্রেনের সীমা অতিক্রম করার চেষ্টা করেছিল। কিন্তু ইউক্রেন গুলি চালিয়ে তাদের অনুপ্রবেশ প্রতিহত করে।
ক্লাইমেনকো আরও বলেন, বর্ডার গার্ড সার্ভিস ও ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সদস্য এলাকায় মোতায়েন করা হয়েছিল নিরাপত্তা শক্তিশালী করার জন্য।
রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বেলারুশে পৌঁছার পর ইউক্রেন উত্তরের সীমান্তে নিরাপত্তা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।








