রাশিয়ার দুটি যুদ্ধবিমান ও ২৮টি শাহেদ ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনের বিমানবাহিনী। সোমবার (২৫ ডিসেম্বর) দেশটির সেনাবাহিনী দাবি করেছে, রবিবার দিবাগত রাতে এগুলো ভূপাতিত করা হয়। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
ইউক্রেনীয় বিমান বাহিনী বলেছে, দক্ষিণ ও মধ্যাঞ্চল লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়া ৩১টি ড্রোন ছুঁড়েছিল। কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হওয়া ৩টি ড্রোন কোনও লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম হয়েছে কি না তা জানানো হয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় রুশ হামলায় এক বেসামরিক নিহত ও অপর চারজন আহত হয়েছেন। খেরসন অঞ্চলের একটি শহরে এই প্রাণহানি হয়।
সোমবার আনুষ্ঠানিকভাবে বড়দিন উদযাপন করছে ইউক্রেন। রাশিয়াসহ অর্থোডক্স খ্রিষ্টান ধর্মাবলম্বী দেশগুলোতে ৭ জানুয়ারি বড়দিন পালন করা হয়। এবার ইউক্রেন প্রথমবার আনুষ্ঠানিকভাবে ৭ জানুয়ারির বদলে ২৫ ডিসেম্বর দিনটি উদযাপন করছে।
ইউক্রেনে অর্থোডক্স খ্রিস্টানদের সংখ্যা বেশি। কিন্তু ক্যাথলিক ও অর্থোডক্স বিভাজন রয়েছে। রাশিয়ার অর্থোডক্স গির্জার সঙ্গে একপক্ষের দীর্ঘ সম্পর্ক ছিল।









