ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া কিছু সেনা সরিয়ে নিয়েছে বলে ঘোষণা দিয়েছে মস্কো। এতে পশ্চিমাদের উদ্বেগ কিছুটা হলেও কমার কথা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করছেন, ইউক্রেনে এখনও রাশিয়ার আক্রমণের আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার তিনি বলেন, ইউক্রেনে রুশ হামলার জোরালো শঙ্কা রয়ে গেছে। ইউক্রেন সীমান্ত দেড় লক্ষাধিক রুশ সেনা অবস্থান করায় যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ন্যাটোর দেশগুলো দাবি করে আসছে, মস্কো যেকোনও মুহূর্তে কিয়েভে আক্রমণ করে বসতে পারে।
এমন পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দেন, কিছু সামরিক বাহিনীর ইউনিট ইউক্রেন সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এই বিষয়টি এখনই বিশ্বাস করছেন না বাইডেন।
তিনি সতর্ক করে বলেন, সীমান্ত থেকে কিছু রুশ সেনা প্রত্যাহারের বিষয়টি এখনও যাচাই করা হয়নি। আমাদের বিশ্লেষকদের মতে, তারা (রাশিয়া) এখনও হুমকির অবস্থানেই আছে।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের এমন মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই ইউক্রেন ইস্যুতে কথা বলেন পুতিন। তিনি বলেন, মস্কোর নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা উচিত।
সূত্র: আল জাজিরা।









