বঙ্গবাজারে অগ্নিনির্বাপণ ও আইনশৃঙ্খলা রক্ষায় দুই হাজারের বেশি পুলিশ সদস্য কাজ করেছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, আগুনের ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রত্যক্ষভাবে তিনি তত্ত্বাবধান করেছেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে আইজিপি বলেন, অগ্নিনির্বাপণ কাজে অফিসারসহ প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা সবাই মিলে দায়িত্ব পালন করেছি। ফায়ার সার্ভিস অক্লান্ত পরিশ্রম করেছে। সেনা, নৌ, বিমান বাহিনী, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এখানে দায়িত্ব পালন করেছে।
তিনি বলেন, পুলিশ সদর দফতরের একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে। এখান থেকে আমরা পুলিশ সদস্যদের নিরাপদে বের করে আনতে পেরেছি। কিন্তু মালামাল বের করা সম্ভব হয়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।
আইজিপি বলেন, অগ্নিকাণ্ডের পর মার্কেটের ব্যবসায়ীরা যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দোকানের মালামাল বের করে আনতে পারেন এবং কোনও মালামাল যাতে খোয়া না যায় সে জন্য পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করেছে। ঘটনাস্থলের আশপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যানজট নিয়ন্ত্রণে কাজ করেছে পুলিশ।
ব্রিফিংয়ের সময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজিপিরা এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








