ইরান তাদের ভূগর্ভস্থ পিকঅ্যাক্স মাউন্টেন বা পিকঅ্যাক্স পাহাড়ে হাজার হাজার পারমাণবিক সেন্ট্রিফিউজ সরিয়ে নিয়েছে বলে তথ্য পেয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। মাটির বহু গভীরে এসব সেন্ট্রিফিউজ পুঁতে রাখার ফলে বিমান হামলা চালিয়ে তা ধ্বংস করা বেশ কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল এই গোয়েন্দা তথ্যের কথা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে। তাদের মূল্যায়ন অনুযায়ী, গত বছরের, অর্থাৎ ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধের পরপরই তেহরান এই পদক্ষেপ নেয়। ওই যুদ্ধ চলাকালে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বি-৫২ বোমারু বিমান মোতায়েন করেছিল।
এদিকে বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে তিনি বলেন, পিকঅ্যাক্স পাহাড় একটি সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে, যেখানে সরাসরি সামনের প্রবেশদ্বারে বড় ধরনের আঘাত হানা সম্ভব।
মার্কিন প্রেসিডেন্ট সে সময় আরও বলেন, আমরা সেখানে কোনও দৃশ্যমান কার্যক্রম দেখতে পাচ্ছি না। পারমাণবিক পরিস্থিতি নিয়ে তারা খুব একটা ভালো অবস্থায় নেই, খুব শিগগিরই আমরা হয়তো পিকঅ্যাক্সে হামলা চালাবো।
এর আগে চলতি মাসের শুরুর দিকে সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, স্যাটেলাইট চিত্রে পিকঅ্যাক্স পাহাড়ের ওই স্থাপনায় ট্রাক আসা-যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। এতে ধারণা করা হচ্ছে, ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।









